আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে পার্লামেন্টের নিম্নকক্ষে রোববার রাতে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনের ওপর ভোটগ্রহণ শুরু হয়েছে। বিবিসি বলছে, ভোটাভুটি এখনো চলছে। ভোটে প্রেসিডেন্টের বিরোধী পক্ষে এগিয়ে রয়েছেন বলেও সংবাদ সংস্থাটি জানিয়েছেন।
৫১৩ সদস্যের পার্লামেন্টে এ পর্যন্ত মধ্যে ৪শ ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে ২৯৭ জনই প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। অভিশংসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন মাত্র ৯৭ জন সাংসদ। নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ বা ৩৪২ জন সাংসদ অভিশংসনের পক্ষে ভোট দিলে প্রস্তাবটি উচ্চকক্ষ সিনেটে যাবে।
সিনেটের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৮১। তাকে সরাতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশ অর্থাৎ কমপক্ষে ৪১ সিনেট সদস্যকে এ প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। এরপর ১৮০ দিনের মধ্যে স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত হবেন প্রেসিডেন্ট রৌসেফ।
প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিযোগ হলো, ২০১৪ সালে পুন:নির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসেবে কারসাজি করেছিলেন তিনি। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । এসব অভিযোগে বিরোধী দলসহ অনেকে তাঁর অভিশংসনের দাবি করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রৌসেফ। এই অভিশংসন প্রক্রিয়াকে ‘বেসামরিক ক্যু’ হিসেবে আখ্যায়িত করেছেনপ্রেসিডেন্ট রৌসেফ। তিনি কংগ্রেস কমিটিতে অভিশংসনের প্রস্তাব গৃহীত হওয়ায় নিজের সরকারের ভাইস প্রেসিডেন্ট ও পার্লামেন্ট স্পিকারকে দায়ী করেছেন।
এদিকে প্রেসিডেন্ট রৌসেফের অভিশংসন প্রক্রিয়ার কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ করছে পক্ষে-বিপক্ষের হাজার হাজার মানুষ। দেশের অন্যান্য শহরেও বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।

