স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন হতে চলেছেন। একের পর এক সাফল্য জমা হচ্ছে তার ঝুলিতে। মাত্র ২০ বছর বয়সেই নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন। প্রশংসা কুড়াচ্ছেন গোটা ক্রিকেট দুনিয়ার। প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে রীতিমতো চমক উপহার দিচ্ছেন। দলের কে কীভাবে খেলল, তা নিয়ে চিন্তা না করে নিজের সেরাটা ঢেলে দিচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের জন্য। পেশাদার ক্রিকেটার বলতে যা বুঝায়, তার সবটুকুই রয়েছে মুস্তাফিজের।
তবে এই মুস্তাফিজের তারকা হওয়ার নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম। নিজেকে মেলে ধরার প্রত্যয়। যা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। চেষ্টা থাকলে একদিন সফল হওয়া সম্ভব, তারই বাস্তব প্রমাণ মুস্তাফিজ। একাডেমির প্রশিক্ষণ খুব একটা পাননি। তবে আগামীর তারকা হওয়ার বাসনায় জেলা পর্যায়ের ম্যাচগুলো গুরুত্ব দিয়ে খেলেছেন তিনি। জানালেন, তিনি নাকি কোনো একাডেমির প্রডাক্ট নন!
ভারতীয় মিডিয়াকে এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ‘এখনো পর্যন্ত এমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি, যা আমার খেলা বন্ধ করতে পারে। কিন্তু হ্যাঁ, ভারতের মতো অতটা সুযোগ-সুবিধা গত কয়েক বছর আগেও বাংলাদেশে ছিল না। ৫-৭ বছরে আমাদের ক্রিকেটে অনেক কিছুই যোগ হয়েছে। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। সরকারও ক্রিকেটের জন্য অনেক কিছু করছে।’
নিজের জীবনের বেড়ে ওঠা নিয়ে মুস্তাফিজ বলেন, ‘যখন আমি বেড়ে উঠছিলাম, তখনও দেখেছি তৃণমূল পর্যায়ে ট্রেনিং করার মতো একাডেমির বেশ অভাব ছিল। এখন সেখানে একাডেমি হচ্ছে। আমার কথাই ধরুন, আমি কিন্তু কোনো একাডেমির প্রডাক্ট নই। আমি বিভিন্ন জেলা পর্যায়ের টুর্নামেন্ট খেলে এসেছি।’

