আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার পুলিশের হাতে আরো একজন নিহত হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় মোট পাঁচজন নিহত হলেন।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানাচ্ছে, শুক্রবার শ্রীনগরের কূপওয়ারা এলাকায় বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারছিল বিক্ষুব্ধ জনতা। সেনাদের পাল্টা গুলিতে মারা যায় ১১ বছরের এক স্কুলছাত্র। তার নাম আরিফ হুসেইন দার। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। কূপওয়ারায় বিচ্ছিন্ন সহিংসতায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ শুরু করে মুসুল্লিরা।
সেনাসদস্য কর্তৃক কাশ্মীরের এক কলেজছাত্রীর সম্ভ্রমহানির জের ধরে গত পাঁচদিন ধরে কাশ্মীর উপত্যকায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীনগরের হান্দওয়ারা, কুপওয়ারাসহ বিভিন্ন অংশে কারফিউ বলবৎ করেছে পুলিশ। এছাড়া মুসলিম অধ্যুষিত ওই রাজ্যের ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আরো সেনা পাঠানো হচ্ছে বলেও জানা গেছে।

