ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে ক্ষমতাসীন জোট ছাড়ছে আরেক শরিক দল

Link Copied!

brazilআন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসনের আগেই তার সরকারের অন্যতম শরিক দল প্রোগ্রেসিভ পার্টির (পিপি) ৪৭ জন সাংসদ কোয়ালিশন ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদের অধিকাংশই রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট দেবেন বলেও জানিয়েছে বিবিসি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, নিজের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন এড়াতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট।
এর আগে গত মাসে রৌসেফ সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়ার ঘোষণা দিয়েছিল জোট সরকারের সবচাইতে বড় শরিক দল পিএমডিকে। দলের মধ্যে ভোটাভুটির পরই তারা সরকার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটি ছিল রৌসেফ সরকারের বিরুদ্ধে প্রথম আঘাত।
মঙ্গলবার পিপি দলের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপি’কে জানিয়েছেন, ‘দলের সংখ্যাগরিষ্ট সদস্যদের মতামতের ভিত্তিতেই আমরা জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ ব্রাজিলের ৫১৩ আসনের পার্লামেন্টের চতুর্থ বৃহত্তম দল হচ্ছে পিপি। রোববার প্রেসিডেন্ট রৌসেফের বিরুদ্ধে ইমপিচমেন্টের ওপর ভোটাভুটির আগেই তারা সরকার ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা দিল। তবে তাদের এই ঘোষণা প্রেসিডেন্টের অভিশংসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে হয়।
রৌসেফের বিরুদ্ধে অভিশংসন আনতে হলে এই প্রস্তাবের পক্ষে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ বা ৩৪২ জন সদস্যের সমর্থন লাগবে। পিপি দলের সাংসদদের সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণার আগে গৃহীত জনমত জরিপে দেখা যায়, পার্লামেন্টের ৩শ সদস্য প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন বা অনাস্থায় রাজি হয়েছেন। এই প্রস্তাবের বিরোধিতা করছেন ১শ জনের মত সদস্য। সিদ্ধান্তহীনতায় ভুগছেন ৮৮ জন।
আগামী রোববার রাজধানী ব্রাসিলিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষে রৌসেফের অভিংশসনের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে পার্লামেন্ট ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ।
তবে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ তার বিরুদ্ধে সংসদে অনাস্থা আনার তৎপরতায় নিজের ভাইস প্রেসিডেন্ট মিচেল তেমেরকে দোষারোপ করেছেন। দেশের কংগ্রেস কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের সিদ্ধান্ত নেয়ার পরই প্রতিক্রিয়া প্রকাশ করে রৌসেফ বলেন, তাকে উৎখাত করতে একটা চক্র ষড়যন্ত্র করছে।