আন্তর্জাতিক ডেস্ক : পানামা ইস্যু নিয়ে যখন সারা দেশে বিতর্ক তখন সেই বিতর্কের জের ধরেই নিজের আয়কর বিবরণী প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রোববার ক্যামেরন তার গত ছয় বছরের আয়কর বিবরণীর সারাংশ প্রকাশ করেছেন। এই প্রথম বিতর্কের মুখে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী তার আয়কর বিবরণী প্রকাশ করলেন বলে জানিয়েছে বিবিসি।
প্রকাশিত বিবরণীতে দেখা গেছে, ২০১৪ থেকে ১৫ অর্থ বছরে দুই লাখ পাউন্ডেরও বেশি আয়ের জন্য তিনি কর দিয়েছেন প্রায় ৭৬ হাজার পাউন্ড।
সম্প্রতি পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, ক্যামেরনের বাবা ইয়ান ক্যামেরন কর এড়াতে অফশোর ট্রাস্ট ‘ব্লেয়ারমোর হোল্ডিংস ইনকরপোরেট’ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যুক্তরাজ্যে কর ফাঁকি দিয়ে বিদেশে ৩০ বছর ধরে অর্থ জমা রেখেছিলেন। উত্তরাধিকার সূত্রে ক্যামেরন ওই তহবিল থেকে শেয়ার পেয়েছিলেন।
এ ঘটনায় শনিবার পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে জনতা। তবে ক্যামেরন দাবি করেছেন, তিনি ও তাঁর বাবা অফশোর অ্যাকাউন্টের বিপরীতে ব্রিটেনের আয়কর পরিশোধ করেছেন এবং তার সত্যতা প্রমাণে তিনি তার আয়কর বিবরণী প্রকাশের ঘোষণা দেন।
আয়কর নথিতে দেখা গেছে, লন্ডনের পারিবারিক বাড়ি থেকে ভাড়া বাবদ ডেভিড ক্যামেরনের আয় হয়েছে ৪৬ হাজার ৮৯৯ পাউন্ড। ২০১০ সালে বাবার মৃত্যুর পর ক্যামেরন তিন লাখ পাউন্ড সম্পত্তি পান। সম্পত্তি বণ্টনে ভারসাম্য করা হলে পরের বছরের মে ও জুলাই মাসে মায়ের কাছ থেকে এক লাখ পাউন্ড করে পান তিনি।
বিবরণীতে আরো দেখা গেছে ২০১০ সালে ব্লেয়ারমোর হোল্ডিংস বিক্রি থেকে ক্যামেরন ও তাঁর স্ত্রী ১৯ হাজার পাউন্ড লাভ করেন। এর মধ্যে ডেভিড ক্যামেরন নিজে পান ৯ হাজার ৫০১ পাউন্ড। সেই সময় আয়কর প্রদানের সর্বনিম্ন সীমা ছিল ১০ হাজার ১০০ পাউন্ড। ২০১৪-১৫ সালে দুই লাখ ৩০৭ পাউন্ড আয়ের বিপরীতে ক্যামেরন আয়কর দিয়েছেন ৭৫ হাজার ৮৯৮ পাউন্ড।

