আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) ইঙ্গিত করে বলেছিলেন, টি মানে টেরর, এম মানে মওত, সি মানে করাপশন। এই নিয়ে টিএমসি। একদিন পরই এর উত্তর দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) লক্ষ্য করে তিনি বলেন, ‘আমি যদি বলি, বিজেপি মানে ভয়ানক জালিয়াত পার্টি। কিন্তু আমি তা বলতে চাই না।’ সেটা না বললেও শুক্রবার পশ্চিমবঙ্গের আসানসোলের বুধা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি যে ভাবে আক্রমণ করলেন তা অতীতে নজিরবিহীন।
মমতা বলেন, ‘আপনি প্রধানমন্ত্রীর চেয়ারের লজ্জা। বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন। কুচবিহারে যারা পৃথক রাজ্য গড়ার দাবি করছে তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। ক্ষমতা থাকলে বাংলাকে ভাগ করে দেখান। সুযোগ পেলে তো দেশটাকে বিক্রি করে দেবেন।’
বৃহস্পতিবার আসানসোলে নরেন্দ্র মোদি যতটা না মমতার বিরুদ্ধে বলেছেন তার চেয়ে অনেক বেশি বলেছেন তৃণমূলের বিরুদ্ধে। মমতা কিন্তু আক্রমণ করেছেন সরাসরি মোদিকে। বলেছেন, ‘রাস্তার ধারে কেউ যে ভাষায় কথা বলে সেই ভাষায় উনি কথা বলেছেন আসানসোলে। আপনি প্রধানমন্ত্রীর চেয়ারের অমর্যাদা করেছেন। প্রধানমন্ত্রীর মুখে ওইসব ভাষায় মানায় না। আমি জীবনে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অটলবিহারী বাজপেয়ী কাউকে ব্যক্তিগত ভাবে কোনো আক্রমণ করিনি।’
তিনি আরো বলেন, আমি যদি বলি বিজেপি মানে ভয়ানক জালিয়াত পার্টি? কিন্তু আমি তা বলতে চাই না। কারণ কুকুর কুকুরের কাজ করেছে। মানুষ মানুষের কাজ করবে।’
ভারত মাতার জয়ের নামে কুচবিহারের আন্দোলনকারীদের সঙ্গে মোদি হাত মিলিয়েছেন বলে অভিযোগ মমতার। জোটকেও একহাত নিয়েছেন। তিনি বলেন, ‘এই জোটকে পরাস্ত করতেই হবে।’

