আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার পোস্তায় বৃহস্পতিবার উড়ালসেতু ধসে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করতে শনিবার সকালে সেখানে যান কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। নির্বাচনী প্রচারের জন্য এই সফর পূর্ব-নির্ধারিত থাকলেও পোস্তার উড়ালসেতু বিপর্যয়ের পরই পশ্চিমবঙ্গে গিয়ে দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা বলেছিলেন রাহুল।
উদ্ধারকাজ খতিয়ে দেখার পর মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে পোস্তা পৌছেন রাহুল।
এরপর রাহুল যান কলকাতা মেডিক্যাল কলেজে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আহতদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পরিবারের সঙ্গে কথা বলে সবার পাশে থাকার আশ্বাস দেন কংগ্রেসের সহ-সভাপতি। আহতদের চিকিৎসার বিষয় নিয়ে কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল বলেন, রাজনীতির কথা বলতে নয়, নিজের সমবেদনা জানাতেই এখানে এসেছেন তিনি। এরপরেই প্রচারের উদ্দশ্যে বেরিয়ে যান রাহুল গান্ধী।
এদিকে, পোস্তায় উড়ালসেতু বিপর্যয়ের দুদিন পর এখনও উদ্ধারকাজ চলছে। এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংস্তূপের নীচে হয়ত এখনও আরও দেহ চাপা পড়ে রয়েছে। উদ্ধার কাজে পুলিস এবং পুরসভার কর্মীরা ছাড়াও রয়েছেন এনডিআরএফ জওয়ানরা।

