আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া যাতে আর পারমাণবিক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে না পারে সেই উদ্দেশ্যে মিলিত হয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তারা যৌথ উদ্যোগে নিবৃত করবেন উত্তর কোরিয়াকে। বিগত কয়েকমাসের মধ্যে নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষাসহ একেরপর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামা ওয়াশিংটনে অনুষ্ঠিত নিউক্লিয়ার সামিটে সাক্ষাৎ করেন চীনা প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সাথে। এর কয়েক ঘণ্টা পরেই দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ সংবাদ সংস্থা জানায়, উত্তর কোরিয়া আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের নিক্ষেপিত এই ব্যালিস্টিক মিসাইলটি গিয়ে পড়ে কোরিয়ান পেনিন্সুলার পূর্ব উপকূলে।
ওবামা বলেছেন, পারমাণবিক মিসাইল ছুঁড়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টির না করার জন্য উত্তর কোরিয়াকে কিভাবে নিবৃত করা যায় সে ব্যাপারে শি জিং পিংয়ের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছেন তিনি।
প্রেসিডেন্ট শি জিং পিং চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়াকে জানিয়েছে, এমন নিষেধাজ্ঞা আরোপ করা খুবই কঠিন যেটা দুই পক্ষই মেনে নেবে। উত্তর কোরিয়ার বন্ধু রাষ্ট্র এবং সবচেয়ে বড় বাণিজ্যিক সঙ্গী হচ্ছে চীন।

