আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য করার প্রবণতা যেন কিছুতেই কমছে না। ইতিমধ্যে অজ্ঞ এবং ঘৃণামূলক বক্তব্য দিয়ে বিখ্যাত হয়ে গেছেন। এবার মার্কিন নারীদের গর্ভপাত নিয়ে কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
ট্রাম্প বলেছেন, যে নারীরা গর্ভপাত করবে তাদের শাস্তি দেয়া উচিৎ। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তার নিজের রিপাবলিকান দলে তার গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় চলছে। এবারের বক্তব্যে সেটা আরও বেড়ে যায়।
ফলে বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই অবস্থা বেগতিক দেখে পিছিয়ে যান তিনি। পরে তিনি বলেন, আমি আসলে বোঝাতে চেয়েছি গর্ভপাত করাতে সাহায্য করেন যে সব চিকিৎসক তাদের শাস্তি হওয়া উচিৎ।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান দলের আরেক গভর্নর জন কেইসেক। তিনি বলেছেন, যে কোনো অপরাধে নারী কিংবা পুরুষ যে কারোই শাস্তি হতে পারে। কিন্তু শুধু গর্ভপাতের কারণে কোন নারীকে শাস্তি দেবার কথা ভাবাও যায়না।
উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধ।

