অর্থনৈতিক প্রতিবেদক : প্রথম সরকারি ব্যাংক হিসেবে মোবাইল ব্যাংকিং সেবা চালুর অনুমতি পেল রূপালী ব্যাংক। ব্যাংক সূত্রে জানা যায়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর জন্য ব্যাংকটিকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকটি অর্থ লেনদেনের পরিবর্তে বেতন পরিশোধ সেবা প্রদান সুবিধাকে গুরুত্ব দিবে।
এ নিয়ে দেশে ২৯টি ব্যাংককে এমএফএস সেবা প্রদানের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এর মধ্যে ১৮টি ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের এ সেবা চালু রয়েছে।
এমএফএসের মাধ্যমে এসব প্রতিষ্ঠান রেমিট্যান্স পাঠানো, অর্থ লেনদেন, ভাতা প্রদান, বিল পরিশোধ, বেতন পরিশোধ, বিমার প্রিমিয়াম প্রদান, মোবাইলে ব্যালেন্স রিচার্জসহ নানা সুবিধা দিয়ে থাকে। বর্তমানে এ সেবার মাধ্যমে দৈনিক লেনদেনের পরিমাণ সাড়ে পাঁচশ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে এসব লেনদেনের ৮০ শতাংশই ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
এবারই এ সেবা প্রদানে অনুমতি প্রাপ্তের তালিকায় কোনো সরকারি ব্যাংকের নাম যুক্ত হলো। তবে ব্যাংকটি এখনো সেবা দেয়া শুরু করেনি।
এ বিষয়ে রূপালী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাস খানেক আগে রূপালী ব্যাংক এ সেবা চালুর অনুমতি পেয়েছে। খুব শিগগির সেবা প্রদান শুরু হবে। তবে এক্ষেত্রে সাধারণ অর্থ লেনদেনের পরিবর্তে বেতন পরিশোধ সেবা প্রদান সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, লেনদেন সহজ ও সুবিধাজনক হওয়ায় দিন দিন এর গুরুত্ব বাড়ছে। এসব বিবেচনায় রূপালীকে সেবা প্রদানে এনওসি দেওয়া হয়েছে।

