আন্তর্জাতিক ডেস্ক : সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পার্লামেন্ট ভবনে রকেট হামলা করেছে তালেবান জঙ্গিরা। পার্লামেন্টে দেশটির গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রীর আলোচনা চলাকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাজনীতিবিদ ও তালেবানরা।
সংসদ সদস্যরা জানিয়েছে, রাজধানী কাবুলের এই হামলায় কেউ হতাহত হয়নি। বাদাখশান প্রদেশের একজন রাজনীতিবিদ সাইফুল্লাহ মুসলিম আলজাজিরাকে জানিয়েছে, ‘পার্লামেন্টের ভবনের দিকে ৩টি রকেট ছুঁড়ে মারা হয়, কিন্তু সেগুলো মূল ভবনে আঘাত হানতে পারেনি। সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটেছে।’
এদিকে তালেবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছেন। তবে তার ভাষ্যমতে, এই হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া হামলাকৃত রকেট দূর পাল্লার ছিল কিনা সেটা নিয়েও মতভেদ দেখা দিয়েছে।

