আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের পর্যটনমন্ত্রী হেনরিক এদুয়ার্দো এলভিস সোমবার পদত্যাগ করেছেন। তার এ পদত্যাগ নানা অভিযোগে কোনঠাসা প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ওপর আরো চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিলের বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্ট রৌসেফকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছেন। তাদের অভিযোগ, দেশের অর্থনৈতিক ঘাটতির হিসাব নিয়ে লুকোচুরি করেছে তার সরকার। এ অবস্থায় ক্ষমতাসীন জোট ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিএমডিবি) নেতারাও সরকার থেকে সরে যেতে চাইছেন। মঙ্গলবার এর ওপর পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে মন্ত্রী এলভিস হচ্ছেন প্রথম পিএমডিবি সদস্য যিনি সরকার থেকে সরে দাঁড়ালেন।
মাত্র ১৪ মাস আগে দ্বিতীয়বারের মত সরকার গঠন করেছেন রৌসেফ। কিন্তু সরকারি দল ওয়ার্কি পার্টির উর্ধ্বতন নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি দ্রুত জনপ্রিয়তা হারিয়েছেন। পার্লামেন্টে নিম্নকক্ষের স্পিকার এদুয়ার্দো কুনহা আগামী ডিসেম্বর রৌসেফের বিরুদ্ধে সরাসরি অভিশংসনের প্রস্তাব আনতে সম্মত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। যদিও গত সপ্তাহেই কোনো ধরনের অন্যায় কাজ করেননি বলে দাবি করেছেন রৌসেফ।
এদিকে মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন পিএমডিবি জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন রৌসেফ। কিন্তু বৈঠকের আগেই দলের একাধিক সংসদ সদস্য জোট সরকার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সম্পর্কে সিনেটর ভালদির রুপ বলেছেন, ‘মঙ্গলবার আমরা এ সরকার থেকে সরে দাঁড়াব।’ পিএমডিবির নেতৃত্বে থাকা মিশেল তেমের দিলমা রৌসেফের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন অভিশংসন এড়াতে চাইলে প্রেসিডেন্ট রৌসেফকে ৫১৩ সদস্য বিশিষ্ট নিম্নকক্ষে নিজের পক্ষে এক-তৃতীয়াংশ সমর্থন পেতে হবে।

