আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের জলসীমা থেকে ১০ ইন্দোনেশীয় নাবিককে অপহরণ করেছে ইসলামিক জঙ্গিরা। অপহরণের জঙ্গিরা স্থানীয় কর্মকর্তাদের কাছে ফোনে ওইসব নাবিকদের জন্য মুক্তিপণ দাবি করেছে বলে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছে।
একটি টাগবোট ও বজরায় করে বোর্নিও দ্বীপ থেকে ফিলিপাইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ইন্দোনেশীয় ওই নাবিকরা। তাদের জলযানগুলো ফিলিপাইনের জলসীমায় প্রবেশ করার পরই তাদের হাইজ্যাক করা হয়। তবে তাদেরকে ঠিক কখন অপহরণ করা হয়েছে তার কোনো সঠিক সময় উল্লেখ করেননি ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আর্মানাথা নাসির।
জঙ্গি গোষ্ঠী আবু সায়েফ ওই অপহরণের দায় স্বীকার করেছে। তারা ওই দশ নাবিককে মুক্তি দেয়ার বিনিময়ে মুক্তিপণও দাবি করেছে। তবে জঙ্গিরা কত টাকা মুক্তিপণ চেয়েছে তার কোনো সংখ্যা উল্লেখ করেননি মুখপাত্র নাসির। তাদের ছাড়িয়ে আনতে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি একসঙ্গে কাজ করছে বলেও জানা গেছে।
তবে এই অপহরণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি ফিলিপাইন সরকার।

