নিউজ ডেস্ক : কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ। এ নৃশংস হত্যার দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ হয়েছে। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন সামাজিক সংগঠন। তনু হত্যার বিচার দাবিতে সারা দেশের শিক্ষার্থীরা আজও রাস্তায় নেমে পড়েছে। সবার দাবি একটাই তনু হত্যার সুষ্ঠু বিচার চায়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য :
লক্ষ্মীপুর: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর নন্দন ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি করেন তারা।
পিরোজপুর: সোহাগী জাহান তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুরের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে শহরে টাউন ক্লাব সড়কে পিরোজপুরের সকল ছাত্র-ছাত্রী এ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদ সভাপতি মনিকা মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের নারীরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। সেনানিবাসের ভেতর যেখানে সর্বোচ্চ নিরাপত্তা আছে বলে ধারণা করা হয়, সেখানে নারী ধর্ষণ ও হত্যার মতো অমানবিক ও ঘৃণ্য ঘটনা ঘটে। উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষণ-নিপীড়ন বন্ধ হচ্ছে না ।বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর ধর্ষক ও হত্যাকারীদের আটক করে ও ফাঁসির দাবি জানান।
শরীয়তপুর : তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার সকাল ১১ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও এলাকাবাসী।
এসময় বক্তরা বলেন, তনু হত্যার ঘাতকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শান্তি দেয়া হোক। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আমরা প্রশাসনকে বলবো, নারীরা আর কখনো যেন নির্যাতনের শিকার না হয় এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
পাবনা: কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড ও ধর্ষণের প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা তনু হত্যা ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। একই সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, নাট্যকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ সুধীজন অংশ নেয়।

