আন্তর্জাতিক ডেস্ক : কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ৫০০ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে। আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে গত রোববার এ ঘোষণা দেয়া হয়। আর যাদের ছাটাইয়ের সিদ্বান্ত নেয়া হয়েছে তাদের অধিকাংশই কাতারের কর্মী।এ বিষয়ে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত নির্বাহী মহাপরিচালক মোস্তফা সোওগ বলেন, ‘ বিশ্ব গণমাধ্যমের বাজারে আমরা আমাদের অবস্থান সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সচেতনভাবে গত কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছি। আর এর জন্য প্রতিটি সুযোগ ও সম্ভাবনা বিচার বিবেচনার সঙ্গে যাচাই-বাছাই করেছি।’
তিনি আরো বলেন, ‘ কর্মীদের ছাটাইয়ের এ সিদ্ধান্তটি আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল তবে সঠিক পদক্ষেপ নিতে আমাদের দল অত্যন্ত আত্মবিশ্বাসী। যদিও আমাদের সিদ্ধান্ত বিশ্বব্যাপী গণমাধ্যম শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এরপরেও এই সিদ্ধান্ত আমাদের জন্য কঠিন ছিল।’
১৯৯৬ সাল থেকে কাতার সরকারের তত্ত্বাবধানে আলজাজিরা বিশ্বজুড়ে সংবাদ প্রচার করে আসছে। আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমটির বিভিন্ন দেশে ৭০টিরও বেশি ব্যুরো অফিস আছে। চলতি বছরের শুরুর দিকে আলজাজিরা যুক্তরাষ্ট্রে টেলিভিশন সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছিল।

