আন্তর্জাতিক ডেস্ক : ব্রাসেলস হামলার পর গোটা ইউরোপের জন্য কাটছে কঠিন সময়। এই অবস্থায় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টারের একটি শুভেচ্ছা বার্তায় বিশ্ববাসীকে আশার বাণী শুনিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি খ্রিস্টানদের উদ্দেশ্য করে বলেছেন, এই অবস্থায় ভয় এবং হতাশা যেন তাদেরকে গ্রাস না করে।
ভ্যাটিকানের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উদযাপিত ইস্টার উৎসবে পোপ বলেন, ‘আমরা যেন অন্ধকার এবং ভয়কে কোনভাবেই অন্তরে প্রবেশ করতে না দেই। তাহলে ভয়ই আমাদেরকে নিয়ন্ত্রণ করবে।’
মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া ব্রাসেলস সন্ত্রাসী হামলার পরপরই তিনি এই সম্প্রীতির বাণী শোনালেন। যদিও অনেকেই আশা করেছিলেন তিনি ইসলামী জঙ্গিবাদের নিন্দা করবেন।
ব্রাসেলস হামলার কারণে অনেক তীর্থ যাত্রীই ইস্টারের রোম যাত্রা বাতিল করেছেন। পোপ ফ্রান্সিস তার বক্তব্যের শুরুতেই বলেন, ‘আমাদের আজকের উদযাপন হচ্ছে আশার উদযাপন। এখন এটা খুবই দরকার।’

