অর্থনৈতিক প্রতিবেদক : বিমার দাবি নিষ্পত্তিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি। গ্রাহক ভোগান্তি এড়াতে এ কার্যক্রম চালু করা হয়েছে। বিমা মেলায় কোম্পানির ব্যবস্থাপক মো. কামরুজ্জামান রিপন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি মেরিন কার্গো, ফায়ার, মটর, হেলথ, এভিয়েশন, মানি ইন্স্যুরেন্সসহ ২০ টিরও বেশি প্রোডাক্ট নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। তবে গ্রাহকদের বেশি সাড়া পাওয়া যাচ্ছে মেরিন, ফায়ার, মটর বিমায়। তা ছাড়া বর্তমানে সবচেয়ে বেশি সাড়া পাওয়া যাচ্ছে ব্যাংকার্স ব্লাঙ্কেট বন্ড বিমায়। ব্যাংকের কম্পিউটারসহ ইক্যুইপমেন্ট এ বিমার অধীনে আসছে।
বিমা দাবি নিষ্পত্তির বিষয়ে তিনি বলেন, ‘দাবি নিষ্পত্তিতে অনেক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ থাকলেও আমাদের প্রতিষ্ঠান বিমা দাবির জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকদের দ্রুত বিমা দাবি নিষ্পত্তি করা হয়। এতে সময় অনেক কম লাগে।’ এতে কোম্পানির সুনাম অক্ষুণ্ন থাকবে বলে মনে করেন তিনি।
বিমা মেলা সম্পর্কে ফিনিক্স ইন্স্যুরেন্সের মাহববু-ই সুবহানী বলেন, ‘মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং বিমা খাতের ওপর ইতিবাচক ধারণার জন্ম দিতে বিমা মেলা অপরিহার্য। প্রতিবছর মেলা হওয়া উচিত।’
গ্রাহকদের সাড়া পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘প্রথম বারের মতো মেলা হচ্ছে, স্টলে গ্রাহকরা ভিজিট করছে, তারা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়।’ এ মেলার মাধ্যমে বিমাশিল্প লাভবান হবে বলে মনে করেন তিনি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি পর্যালোচনা করে দেখা গেছে, গত ১৫ বছরে কখনও ২০ শতাংশের নিচে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। কোম্পানির মোট শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে ৪৯ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৩ দশমিক ৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার রয়েছে।
‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ এই স্লোগান নিয়ে বুধবার (২৩ মার্চ) তিন দিনব্যাপী বিমা মেলা ২০১৬ শুরু হয়, যা আজ শুক্রবার (২৫ মার্চ) শেষ হচ্ছে।
মেলায় রাষ্ট্রায়ত্ত বিমা করপোরেশনসহ দেশি-বিদেশি মোট ৫১টি কোম্পানি অংশ নিয়েছে। এর বাইরে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ও স্কয়ারের একটি মেডিকেল স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

