আন্তর্জাতিক ডেস্ক : চীনে এক কয়লা খনি দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে এএফপি।
বুধবার রাতে দেশের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশের সানঝি দাতং কোল মাইন গ্রুপের এক কয়লা খনিতে ওই দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। এ সময় ওই খনিটিতে প্রায় ১২৯ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর এদের মধ্য থেকে ১১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে. তারা আর বেঁচে নেই। ওই খনিতে কীভাবে এ দুর্ঘটনা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানায়নি সিনহুয়া।
চীনে প্রায়ই এ ধরনের খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত নভেম্বরে উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশ এক খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছিল।

