আর্ন্তজাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি চলতি সপ্তাহে পাকিস্তান সফরে আসছেন। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আলোচনা করতে শুক্রবার পাকিস্তান আসবেন হাসান রুহানি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলোর সাথে পরমাণু ইস্যুতে চুক্তি কার্যকর হওয়ার পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। সফরকালে রুহানি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতার ব্যাপারে কথা বলবেন বলেও জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, এর আগে ২০১৪ সালের মে মাসে এবং চলতি বছরের জানুয়ারিতে ইরান সফর করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময় তিনি সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা হ্রাসে আলোচনা করেন। ইরানে সৌদি আরবের দূতাবাসে হামলার পর দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।
সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। নিজেদের বিদ্যুত সংকট নিরসনে ইরানের সাথে যৌথভাবে কাজ করতে চায় পাকিস্তান।
সম্প্রতি সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনার সময় ৩৪টি মুসলিম দেশকে সাথে নিয়ে সৌদি আরবের সামরিক জোট গঠনকে শর্তহীন সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছিল পাকিস্তান। তাছাড়া সাম্প্রতিক এক প্রতিবেদনে পাকিস্তানের গণমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, মুসলিম দেশগুলোকে সাথে নিয়ে ন্যাটোর মতো একটি সামরিক জোট করতে চাইছে সৌদি আরব। আর এর সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানকে।

