আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের বিতর্কিত দ্বিতীয় দফা নির্বাচনে বিশাল ব্যবধানে দ্বিতীয়বারের মতো আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মাহাম্মাদু ইসোউফু। তিনি ৯২ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। বুধবার দেশটির নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। বিরোধীরা ইতিমধ্যে বিতর্কিত এই নির্বাচন বয়কট করেছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামা আমাদু পেয়েছেন ১৮ শতাংশ ভোট। তিনি জরুরি চিকিৎসার জন্য ফ্রান্সে রয়েছেন। আমাদুকে গত বছর নভেম্বর মাসে শিশুপাচারের অভিযোগে আটক করা হয়েছিল। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
দ্বিতীয় দফা ভোট প্রত্যাখ্যানকারী বিরোধী জোটের অভিযোগ তাদের প্রার্থীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তারা বলছে, বিতর্কিত এই ভোটের ফলাফল মেনে নেয়া হবে না।
এর আগে চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচন হলেও প্রতিদ্বন্ধী শিবিরের সমর্থকদের মধ্যে নির্বাচন নিয়ে বিতর্ক থাকায় তা বাতিল করা হয়। এছাড়াও তখন নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষস্থানীয় নের্তৃবৃন্দের গ্রেপ্তার করা হয়। ফলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। এ কারণে সরকার নির্বাচন বাতিল করে নতুন এই নির্বাচনের ঘোষণা দেয়।

