আন্তর্জাতিক ডেস্ক : ব্রাসেলস হামলার প্রধান তিন সন্দেহভাজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বেলজিয়ামের বিচার বিভাগের বরাত দিয়ে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
হামলার শিকার জাভেনতাম বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবিতে একেবারে ডানপাশের ব্যক্তি, যাকে ‘তৃতীয় ব্যক্তি’ বলে চিহ্নিত করা হচ্ছিল তাকে ব্রাসলেসের অ্যান্ডারলেচট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বেলজিয়ামের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানায় বিবিসি। এর আগে তার নাম নাজিম লাচরাওয়ি বলে গণমাধ্যমের খবরে বলা হয়।
সন্দেহভাজন তিন হামলাকারীর বাকি দুইজনের নাম খালিদ আল বাকরাওয়ি এবং ব্রাহম আল বাকরাওয়ি বলে জানানো হয়। তারা দুই ভাই বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে ব্রাসেলসের একটি বিমানবন্দর ও মেট্রো স্টেশনে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত ও আরো ২৩০ জন আহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। তবে তাদের ওই দাবির বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি বেলজিয়াম কর্তৃপক্ষ।
হামলার পর সন্দেহভাজ তিন ব্যক্তির ছবি ও ভিডিও প্রকাশ করেছে পুলিশ। গোপেনে ধারণকৃত ওই ছবিতে দেখা যায়, ওই তিনজন একসঙ্গে ট্রলি নিয়ে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জ ধরে হেঁটে যাচ্ছে। দুজন পরনে কালো পোশাক। অন্যজন পরেছিলেন হালকা রংয়ের পোশাক। ধারণা করা হচ্ছে, ওই দুই কালো পোশাকধারীই বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালিয়েছিল এবং তারা নিহত হয়েছে।
কিন্তু তাদের সঙ্গের তৃতীয় লোকটি বিমানবন্দরে বোমা স্থাপন করার পর পালিয়ে যায়। ‘ওয়ান্টেড’ হিসেবে ওই হামলাকারীর ছবি ও ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাকে গ্রেপ্তারে তারা জনগণের সাহায্য চেয়েছেন। এ সম্পর্কে বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জেম জামবোন বলেন, ‘ওই তৃতীয় হামলাকারী পালিয়েছে এবং আমরা তাকে খুঁজছি।’ এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকের লোকটি একটি ট্যাক্সিতে করে বিমানবন্দর ছেড়ে যাচ্ছেন।
এদিকে হামলাকারীদের ছবি প্রকাশ করার পর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এক ট্যাক্সিচালক। তিনি বলেছেন, ওই তিনজন তার গাড়িতে করেই বিমানবন্দর এসেছিল। শহরের যে এলাকা থেকে হামলাকারীরা ট্যাক্সিটি নিয়েছিল চালক পুলিশকে ওই স্থানের ঠিকানাও দিয়েছে। ঠিকানা পাওয়ার পর ব্রাসেলসের স্কায়েরবিক এলাকার এক বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে তারা একটি বোমা, কিছু রাসায়নিক পদার্থ ও আইএসের একটি পতাকা উদ্ধার করেছে বলে জানিয়েছিল সিএনএন।

