আন্তর্জাতিক ডেস্ক : কিউবায় সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার হাভানায় প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় তিনি সমাজতান্ত্রিক দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলনে দুই নেতা মানবাধিকার, রাজনৈতিক বন্দি এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে কথা বলেন। এসব বিষয়ে ওবামা ও ক্যাস্ট্রোর মধ্যে সুস্পষ্ট মতপার্থক্য লক্ষ্য করা যায়। এ ধরনের সংবাদ সম্মেলনে রাউল ক্যাস্ট্রের অংশগ্রহণ একটি বিরল ঘটনা। তিনি সাধারণত সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর দেন না। কিন্তু সোমবার তাকে বেশ জোড়ালোভাবে নিজের মত প্রকাশ করতে দেখা গেছে।
মার্কিন সংবাদ মাধ্যম সিএএন প্রতিনিধি জিম একোস্টা কিউবায় ভিন্নমতাবলম্বীদের কারাবন্দি রাখার প্রসঙ্গ তুললে ক্যাস্ট্রো তা নাকচ করে দেন। তিনি বলেন,‘আপনি আমাকে রাজনৈতিক বন্দিদের একটি তালিকা দেন। আমি তাৎক্ষণিকভাবে তাদের মুক্তি দেব।’ তিনি আরো দাবি করেন, কিউবায় যে উন্নতমানের স্বাস্থ্য ও শিক্ষা সেবা চালু রয়েছে তা দিতে ব্যর্থ হয়েছে ওবামা প্রশাসন। এ সময় তিনি কিউবার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেয়ার জন্য ওবামার প্রতি দাবি জানান।
জবাবে সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন,‘অবরোধ তুলে নেয়া হচ্ছে।’ তবে কিউবার ওপর থেকে ওই অর্থনৈতিক অবরোধ কবে নাগাদ তুলে নেয়া হবে তিনি তার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। অন্যদিকে দেশটির রাজনৈতিক সংস্কার ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নেরও দাবি জানিয়েছেন ওবামা। সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন,‘আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে। মত প্রকাশ ও সভা সমিতি করার স্বাধীনতায় বিশ্বাস করে। এগুলো শুধু মার্কিন নয়, বিশ্বজনীন মূল্যবোধ।’ তিনি আরো বলেন,‘যুক্তরাষ্ট্র বা অন্য কোনো জাতি নয়, কিউবার ভবিষ্যৎ কিউবার জনগণকেই ঠিক করতে হবে।
সংবাদ সম্মেলনের পর ওবামা ও মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে রাষ্ট্রীয় ভোজসভায় আমন্ত্রণ জানান রাউল ক্যাস্ট্রো। তাদের সঙ্গে ওই ভোজে আরো অংশ নেন মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউসের কর্মকর্তারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অতিথিদের ক্রিম স্যুপ, রাইস, চিপস, চিংড়ি ও শকূরের মাংস দিয়ে তৈরি ঐতিহ্যবাহী নানা পদ দিয়ে আপ্যায়ন করা হয়। আরো ছিল রাম ও কিউবার বিখ্যাত চুরুট।

