নিজস্ব প্রতিবেদক : শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ বিরোধী সংগ্রাম এবং ছাত্র আন্দোলনের আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে এগিয়ে নেয়ার লক্ষ্যকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ মার্চ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি জনার্দন দত্ত নান্টু। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন।
তিনি বলেন, ‘২১ মার্চ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সম্মেলনের উদ্বোধন হবে। এরপর র্যালি অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের পরবর্তী নেতৃত্বকে পরিচয় করিয়ে দেয়া হবে।’
সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. অজয় রায়। আলোচনা সভায় প্রধান বক্তা থাকবেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক আবু সাইদ খান, অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুচেতা দে, অল নেপাল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ইউনিয়নের গোপাল কৃষ্ণ নিউপেন, সোসালিস্ট স্টুডেন্ট ইউনিয়ন শ্রীলংকার ইহালা গামাগে জিওয়ানা চন্দ্রলাল হরিশচন্দ্র প্রমুখ।
এছাড়া, আগামী ২৩ শে মার্চ সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে বিভিন্ন দেশের ছাত্রনেতাদের অংশগ্রহণে ‘শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বেসরকারীকরণ বিরোধী আন্তর্জাতিক সংহতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য সজল বাড়ৈ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য পরিসংকর রায় ধ্রুব।

