বিনোদন প্রতিবেদক : রাবেয়া খাতুনের গল্পে নির্মিত হলো স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘মধ্য রাতে সাত মাইল’। এতে জুটিবদ্ধ হয়েছেন তৌকির আহমেদ ও জেনি। চ্যানেল আই এর জন্য নাটকটি নির্মাণ করেছেন আবুল হায়াত। নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম।
নাটকের গল্পে দেখা যাবে- নতুন বিয়ে করেছে ইমরান, স্ত্রী সন্তান সম্ভবা। এরই মধ্যে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। শহর থেকে সবাই গ্রামমুখী। ইমরানের যুদ্ধে যাওয়ার ইচ্ছে কিন্তু মার কথা, স্ত্রীর এই অবস্থায় ফেলে যুদ্ধ যাওয়া যাবে না। এর মধ্যেই খবর আসে আজ রাতেই পাক সেনারা হানা দেবে। বাধ্য হয়ে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে পা বাড়ায় সে। রাতের আঁধারে নৌকা করে পরে সাত মাইল হেঁটে গন্তব্যস্থলে পৌঁছে। কিন্তু শেষ পর্যন্ত ইমরানের স্ত্রী ও নবজাতক সন্তান স্বাধীন দেশের মুক্ত আলো দেখতে পাবে তো?
আগামী ২৬ মার্চ রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই’তে প্রচার হবে ‘মধ্য রাতে সাত মাইল’। এতে তৌকির-জেনি ছাড়াও অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, রজত, শফিক খান দিলু প্রমুখ।

