ঢাকাMonday , 14 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়েটের তৃতীয় সমাবর্তন আজ

Link Copied!

studentচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ইতোমধ্যে দুটি হেলিপ্যাড তৈরি ও সফল মহড়া দেয়া হয়েছে ক্যাম্পাসে। এর আগে কয়েকদিন ধরে পুরো চুয়েট ক্যাম্পাসে দৃষ্টিনন্দন আলোকসজ্জায় নিয়ে আসা হয়।
চুয়েট সূত্র জানায়, রাষ্ট্রপতি ক্যাম্পাসে আসবেন আজ (সোমবার) । ১ হাজার ৬০৩ জন শিক্ষার্থী রাষ্ট্রপতির কাছ থেকে আজ সনদ নিবেন। রাষ্ট্রপতির হাত থেকে সনদ নিয়ে তারা গর্বিত ও অনুপ্রাণিত হবেন। শিক্ষার্থীদের এই গর্ব ও আনন্দ তাদের আগামী দিনের পথচলায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এদিকে চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে ৩ হাজার অতিথির জন্যে তৈরি হয়েছে প্যান্ডেল। সমাবর্তনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে চুয়েট ক্যাম্পাসে আসেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম-৬ রাউজান আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) ফজলুর রহমান জানান, এবারের সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হচ্ছে মোট ১ হাজার ৬০৩ জনকে। এর মধ্যে স্নাতক রয়েছেন ১ হাজার ৫৬৪ জন, মাস্টার্স ৩২ জন, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী চারজন এবং পিএইচডিধারী তিনজন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সমাবর্তনে রাষ্ট্রপতি চারজনকে গোল্ড মেডেল প্রদান করবেন।
আজকের সমাবর্তন বক্তব্য দিবেন সাবেক এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
এছাড়াও বক্তব্য রাখবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড.মো. জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রমুখ।
সমাবর্তনে এবারই প্রথম পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ থেকে প্রকৌশল ডিগ্রি দেওয়া হবে। সোমবার সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বসবে মূল অনুষ্ঠান। সবশেষে সাবেক গ্রাজুয়েটদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৮ সালে প্রথম এবং ২০১২ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। চুয়েটের যাত্রা শুরু হয়েছিল ১৯৬৮ সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে। শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অধীন কলেজটি পরিচালিত হতো।
১৯৮৬ সালে দেশের চারটি ইঞ্জিনিয়ারিং কলেজকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিতে (বিআইটি) রূপান্তর করলে চুয়েটও বিআইটিতে রূপান্তরিত হয়। সর্বশেষ ২০০৩ সালের ১ সেপ্টেম্বর বিআইটি, চট্টগ্রামকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়।