আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ধর্ষক। ৯৫ শতাংশ দগ্ধতা নিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষে হার মেনেছে মেয়েটি।
সোমবার দিল্লির নিকটবর্তী নোয়ডা গ্রামে ওই লোমহর্ষক ঘটনাটি ঘটে। ঘটনার দিন স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে মেয়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন তার বাবা-মা। দেখেন তাদের বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছে সে। তার সারা গায়ে আগুন জ্বলছে।
উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, ওই ঘটনায় পুলিশ অজয় শর্মা নামের একজনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলা দেয়া হবে।
আসামি অজয় শর্মা নিহত ১০ম শ্রেণীর ছাত্রীকে বলেছিল ছাদে গিয়ে তার সাথে দেখা করার জন্য। সেখানে তাকে ধর্ষণের পর অজয় তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
সম্প্রতি ভারতের রাজ্যগুলোতে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ রয়েছে ১ম অবস্থানে। পশ্চিমবঙ্গে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১৬৫৬টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিহার প্রদেশ। দিল্লিতেও একের পর এক ঘটছে আলোড়ন সৃষ্টিকারী নারী নির্যাতনের ঘটনা।

