আর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চলে দুটি বিমানঘাঁটি নির্মাণ করবে বলে যে খবর বেরিয়েছিল তা নাকচ করেছে পেন্টাগন। এর আগে দামেস্কর সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র হাসাকেহ প্রদেশের রমেইলান ও কুর্দি শহর কোবানিতে দুটি বিমানঘাঁটি তৈরি করতে যাচ্ছে।
তবে সোমবার পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এ খবরের সত্যতা অস্বীকার করে বলেছেন, ‘আমরা সিরিয়ায় কোনো বিমানঘাঁটি নির্মাণ বা পরিচালনা করছি না।’ তবে দেশটিতে আরো ৫০ জন বিশেষ মার্কিন সেনা পাঠানোর সত্যতা স্বীকার করেছেন তিনি। আইএসের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণের জন্য ওই ৫০ সেনাকে সেখানে পাঠানো হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছিল, মার্কিন বিমান রাখান জন্য রমেইলান ঘাঁটির পরিসর বাড়ানো হয়েছে এবং সামরিক অভিযানের জন্য সেটি এখন প্রায় প্রস্তুত।
যুক্তরাষ্ট্র তাদের আইএস বিরোধী লড়াইয়ে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামের কুর্দি-আরব জোটকে সমর্থন করে থাকে।

