অর্থনীতি ডেস্ক : বৈদেশিক মজুদ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল অংকের টাকা চুরি যাওয়ার কথা স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে চুরি যাওয়া টাকার অংক জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
গভর্নর সচিবালয়ের (প্রটোকল) মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্যাকড হওয়ার টাকার একাংশ আদায় করা সম্ভব হয়েছে। অবশিষ্ট টাকার গন্তব্য শনাক্ত করে আদায়ের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট ফিলিপাইনের একটি মানিলন্ডারিং কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইতিমধ্যে ফিলিপাইনের ওই কর্তৃপক্ষ তাদের দেশের আদালতে মামলা দায়ের করেছে। আদালত সন্দেহভাজন সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোর লেনদেন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিশ্বব্যাংকের সাইবার বিশেষজ্ঞ ও পরামর্শক এবং তার একটি টিম কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কাজ করছে। ফিলিপাইনের ওই কর্তৃপক্ষের তদন্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাকি টাকা আদায়ের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

