যশোর প্রতিনিধি : যশোর আদালতে হওয়া মানহানির মামলায় জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। আগামী ১০ মে মামলার পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত।
রোববার সকালে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী জামিন মঞ্জুর করেন। মাহফুজ আনামের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার জানান, সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে দুপুরে বিচারক মোহাম্মদ শাজাহান আলী তার জামিন মঞ্জুর করেন।
মাহফুজ আনামের পক্ষে কাজী ফরিদুল ইসলাম, আবুল হোসেন, মাহমুদ হাসান বুলু, আমিনুর রহমান হিরুসহ ২৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বাদী হয়ে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতে মানহানির মামলা করেন। দণ্ডবিধি আইনের ৫০০/৫০১/৫০২/৫০৫ ধারায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে আসামি করে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়। বিচারক মামলাটি গ্রহণ করে আসামিকে ৬ মার্চ হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলায় এজাহারে বলা হয়, ১/১১ এর সময় ডিজিএফআইয়ের সরবরাহকৃত তথ্য যাচাই বাছাই না করে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে ডেইলি স্টার পত্রিকা। এতে শেখ হাসিনার সম্মানহানি হয়েছে।

