নিজস্ব প্রতিবেদক : ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলবদর সদস্য মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।
রবিবার (৬ মার্চ) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্লগার রফিকুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘ডেথ ফ্যাক্টরি অর্থাৎ চট্টগ্রামের ডালিম হোটেলে মীর কাসেম আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের মানুষের ওপর যে বর্বরতা চালিয়ে নির্মমভাবে হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ আটজনকে হত্যার মধ্য দিয়ে মীর কাসেম যে ধরনের অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ডও কম শাস্তি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই সুশীল সমাজ ও সরকারের কিছু মন্ত্রীদের বক্তব্য বিবৃতির মাধ্যমে মীর কাসেম আলীর আপিল শুনানির রায় নিয়ে দেশের তরুণ সমাজে সংশয়ের যে বহিঃপ্রকাশ ঘটেছে তা অত্যন্ত হতাশাজনক।’
তিনি বলেন, ‘কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর আপিলের রায় নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় কিংবা মীর কাসেম আলীর অপরাধের প্রাপ্য শাস্তি না পেয়ে যদি সে লঘু দণ্ড পায় তাহলে দেশের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশের স্বাধীনতাকামী জনগণকে নিয়ে আবারও অপশক্তির বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে-ময়দানে নামতে বাধ্য হবে এ প্রজন্ম।’
মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর অপরাধের প্রাপ্য শাস্তি মৃত্যুদণ্ড আপিলের রায়েও নিশ্চিত করার জন্যে প্রসিকিউশন, তদন্তকারী সংস্থা এবং মহামান্য আদালতসহ সকলের প্রতি আহ্বান জানান বোয়াফ সভাপতি।

