জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবম পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ ও ক্যাফেটেরিয়া চত্বরে এ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘পূণর্মিলনী শুধু স্মৃতিচারণের জন্যই নয়, বিশ্ববিদ্যালয়কেও নতুন পথ দেখায়। পরামর্শ দিয়েও সাবেক শিক্ষার্থীরা যথেষ্ট ভূমিকা রাখতে পারে।’ এছাড়া বিভাগীয় শিক্ষকদের শিক্ষাদানে যত্মবান এবং গতিশীল হতে আহ্বান জানান তিনি।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী একেএম শহিদুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ কর্ম-কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী অধ্যাপক আমির হোসেন এবং সাবেক শিক্ষক আমিন মুহম্মদ আলী। এর আগে সকাল ১০টায় সমাজবিজ্ঞান অনুষদের থেকে এক আনন্দ শোভাযাত্রার বের হয়। পরে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং পরের বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।’
এছাড়া, বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে সেলিম আল দীন মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

