বিনোদন ডেস্ক : নব্বই দশকের এক সত্যিকারের গল্পে নির্মিত ‘এয়ারলিফট’ সিনেমা দিয়ে বছরের প্রথমেই বক্স অফিস মাতিয়েছেন সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমার। আর এয়ারলিফটের এমন দুর্দান্ত সাফল্যের পর এবার একজন নেভি অফিসারের উপর সত্যকাহিনী অবলম্বনে নির্মিতব্য ছবি ‘রুস্তম’ নিয়ে আসছেন অক্ষয় কুমার। গতকাল প্রকাশ পেল ছবিটির প্রথম পোস্টার।
সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমারের ক্যারিয়ারে সবচেয়ে প্রভাবশালী আর অর্থ উপার্জনকারী ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে জানুয়ারিতে মুক্তি পাওয়া ছবি ‘এয়ারলিফট’। আর সেই আমেজ কাটতে না কাটতেই ফের সত্য কাহিনী অবলম্বনে আরো একটি অসাধারণ গল্পে নির্মিত সিনেমা নিয়ে আসছেন অক্ষয়। নাম ‘রুস্তম’।
তার আসন্ন ছবিটি একজন নেভি অফিসারকে কেন্দ্র করে। পঞ্চাশের দশকে এক সত্যি ঘটনাকে সিনেমায় নিয়ে আসছেন নির্মাতা টিনু সুরেশ। সত্য কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন বিপুল কে রাওয়াল। গত ২৫ ফেব্রুয়ারি সাদা কালো ছবিতে প্রথম প্রকাশ করেছিলেন ‘রুস্তম’ ছবির প্রথম লুক! আর এবার ছবিটির প্রথম পোস্টার রিলিজ দিলেন অক্ষয়।
ছবিটি মূলত একজন নেভি অফিসারকে দিয়ে দেশপ্রেমের গল্প বলবেন। যে অফিসারের নাম ছিল রুস্তম। দেশের প্রতি ভালোবাসা থেকে তিনি নিজের জীবন কিভাবে কুরবান করে ছিলেন তাই দেখানো হতে পারে ছবিটিতে।
প্রসঙ্গত, রুস্তম ছবিতে অক্ষয়ের সঙ্গে প্রথমবার দেখা যাবে দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজকে। ছবিটি চলতি বছরে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১২ আগস্ট মুক্তি পাওয়ার কথা।

