নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তখন কিন্তু কেউ বিশ্বাস করেনি যে, বাংলাদেশ দল এশিয়া কাপের ১৩তম আসরের ফাইনালে খেলবে। তবে ভারতের কাছে প্রথম ম্যাচে হারের পরও আত্মবিশ্বাস হারাননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
স্বাগতিক অধিনায়কের বিশ্বাস ছিল, ভারতের বিপক্ষে বোলাররা খুবই ভালো করেছে। এখন যদি ব্যাটসম্যানরা এই আসরের পরের ম্যাচগুলো ভালো করতে পারে, তাহলে বাংলাদেশও এই আসরের ফাইনালে খেলবে।
বুধবার পকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিক অধিনায়ক মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পরও আমার কাছে মনে হয়েছিল যে আমরা ফাইনাল খেলতে পারি। আমার বিশ্বাস ছিল। সত্যি কথা বলতে আমার অনেক বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলতে পারি। আল্লাহর রহমতে সেটাই হয়েছে। এ কথাটা আমি আমার সতীর্থেদের বলেছিলাম, আমরাও ফাইনালে খেলতে পারি।’

