স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে নানা রকম জল্পনা চলছে অনেক দিন ধরেই। ১৯ মার্চ হিমাচল প্রদেশের ধর্মশালায় ওই ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ওই ম্যাচের আকাশে এবার জঙ্গি হামলার কালো মেঘ। এমন তথ্যই দিয়েছে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকার।
তাই ওই ম্যাচটি হিমাচল প্রদেশ থেকেই সরিয়ে নেয়ার দাবি তুলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ। তার দলের নেতারা বলছেন, হিমাচল থেকে আসা ভারতীয় সেনাবাহিনীর বহু সদস্য পাকিস্তানি জঙ্গিদের হামলায় শহীদ হয়েছেন এবং সেখানে পাকিস্তান খেলতে এলে তাদের অনুভূতিতে আঘাত দেয়া হবে।
বীরভদ্র সিংহ জানিয়েছেন, পাঠানকোট হামলার ধাঁচেই ভারত-পাকিস্তান ম্যাচে ধর্মশালায় জঙ্গি হামলা হতে পারে। হিমাচল পুলিশও এরকমই তথ্য দিয়েছেন। এমন পরিস্থিতি সামলাতে ও নিরাপত্তা দিতে যে পরিমাণ পুলিশি ব্যবস্থা নিতে হবে ততোটা হিমাচল প্রশাসনের কাছে নেই। আর সে কারণেই ম্যাচটি সরানোর জন্য অনুরোধ দেয়া হয়েছে কেন্দ্র সরকারের কাছে।
এদিকে হিমাচলের কাংড়া জেলার প্রায় প্রত্যেকটি গ্রাম থেকেই অসংখ্য মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়ে আসছে। ওই কাংড়া জেলায় প্রাক্তন সৈনিকদের একটি সংগঠনের প্রেসিডেন্ট বিজয় সিং মানকোটিয়া বলেছেন, গত এক দেড় মাসেই পাঠানকোট বিমান ঘাঁটি ও কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিরা যেভাবে ভারতীয় সৈন্যদের ওপর হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে তাতে এখনই এই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে না।

