অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের কাছে আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে প্রস্তাবনা চেয়েছে। প্রস্তাবনাগুলো আগামী ১০ মার্চের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে বুদ্ধিজীবী মহলের নিকট থেকেও বাজেট প্রস্তাবনা চেয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার বাজেটের প্রধান সমন্বয়ক মো. আকবর হোসেন (প্রথম সচিব, শুল্ক গোয়েন্দা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিপ্ততিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব আয় সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে এনবিআর সরকারের রাজস্ব আহরণ নিয়ে বাজেটে নীতিমালা প্রস্তুত করে থাকে। আসছে অর্থবছরে এনবিআর একটি অংশগ্রহণমূলক গণমুখী ও সুষম বাজেট প্রণয়ন করতে চায়। এজন্য বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বুদ্ধিজীবী মহলের কাছ থেকে বাজেট প্রস্তাব চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আকবর হোসেন বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, গতিশীল, প্রতিনিধিত্বশীল ও বিশ্লেষণধর্মী করার জন্য রাজস্ব বোর্ড আলাপ–আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। এজন্য ইতোমধ্যে এনবিআর বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে। আগামী অর্থবছরে অংশিদারিত্বমূলক, গণমুখী, শিল্প ও ব্যবসা বান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় বাজেট তৈরি করা হবে।’
তিনি আরো বলেন, ‘বাজেট তৈরিতে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর কাজে লিখিত আকারে আগামী ১০ মার্চের মধ্যে পাঠানোর বলা হয়েছে। যার একটি সফ্ট কপি এনবিআরকে মেইল করতেও বলা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল প্রতিষ্ঠান কোনো চেম্বার, দপ্তর, সংস্থা বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও এনবিআরের বাজেট সমন্বয়কারী সেলে প্রস্তাবনা জমা দিতে পারবেন। প্রস্তাবনার পাশাপাশি তাদের সঙ্গে রাজস্ব আদায় পদ্ধতি নিয়েও আলোচনা করবে এনবিআর।

