স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েছিল। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে বোলারদের নৈপূন্যে ১৪ রানের জয় পেয়েছে শ্রীলংকা। বৃহস্পতিবারের এ ম্যাচে ২৬ রান খরচায় ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শ্রীলংকার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ইনজুরি থেকে ফিরে দলের জয়ে অবদান রাখতে পারায় দারুণ খুশি লংকান অধিনায়ক।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দারুণ এক অঘটনের মঞ্চ তৈরি করে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা পারলেন না সেই মঞ্চে আলো ছড়াতে। ১৪ রানের জয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল লাসিথ মালিঙ্গার দল। বৃহস্পতিবার মিরপুরে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করেছিল শ্রীলংকা। শুরু থেকেই ধুঁকতে থাকা আমিরাত ৯ উইকেটে করতে পারে ১১৫।
আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১২৯ রানে অলআউট হয়ে লজ্জায় পড়ে শ্রীলংকা। তবে লংকানদের ব্যাটিং ব্যর্থতার দিনে ঠিকই জ্বলে ওঠে লংকানদের বোলিং ডিপার্টমেন্ট। বিশেষ করে ইনজুরি থেকে ফিরে বোলিংয়ে আলো ছড়ান লংকান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ম্যাচসেরা মালিঙ্গা সংবাদ সম্মেলনে এলেন বেশ ক্লান্ত শরীরে।
নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য আনন্দিত হলেও নিজের ফিটনেস নিয়ে মোটেও সন্তুষ্ট নন লংকান অধিনায়ক। এ প্রসঙ্গে মালিঙ্গা বলেন, ‘ইনজুরিটা পুরোপুরি এখনো সেরে উঠেনি। তাই প্রথম ম্যাচে ৬০ থেকে ৭০ শতাংশ মাত্র দিতে পেরেছি। বলতে পারেন এখনো শতভাগ ফিট হতে পারিনি। এমনকি পারছিও না। তাই ফিটনেস নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই। জানি না পরের ম্যাচগুলোতে দলের জন্য কী করতে পারবো। তারপরও চেষ্টা থাকবে দলের জন্য সেরাটা দেয়ার।’
পুরোপুরি ফিট না হতে পারলে আসন্ন টি২০ বিশ্বকাপ খেলেই অবসর নিয়ে নিতে পারেন বলেও এমন ইঙ্গিত দেন শ্রীলংকার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি টি২০ দলের অভিজ্ঞ ক্রিকেটার। আমার দায়িত্ব আছে। এশিয়া কাপ ও আসন্ন টি২০ বিশ্বকাপে ফিটনেসে ঘাটতি থাকলে এ দুটিই হতে পারে শ্রীলংকা জাতীয় দলের হয়ে আমার শেষ টুর্নামেন্ট।’
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি২০ সিরিজে খেলতে পারেননি মালিঙ্গা। গত বছরের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ চলাকালীন হাঁটুর ইনজুরিতে পড়েন মালিঙ্গা। এরপর ফিটনেস সমস্যার কারণে ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ থেকেও ছিটকে যান ৩২ বছর বয়সী এ ডানহাতি পেসার। খেলেননি ভারতের বিপক্ষে টি২০ সিরিজেও।
লাসিথ মালিঙ্গার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পান দিনেশ চান্দিমাল। প্রায় চার’মাস বিশ্রাম শেষে এশিয়া কাপ টি২০ আবারও অধিনায়ক হয়ে শ্রীলংকা দলে ফেরেন মালিঙ্গা। এ বিষয়ে মালিঙ্গা বলেন,‘ শ্রীলংকার হয়ে সব সময় খেলতেও পছন্দ করি। আর যখন লংকান দলে ফিরি তখনতো অধিনায়ক হয়েই জাতীয় দলে ফিরি। শ্রীলংকান জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব বেশ উপভোগ করি।’

