স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ আসর এশিয়া কাপ। এবারই প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসরটি। আগামীকাল বুধবার উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে চলছে জোর আলোচনা। দুই দেশের ক্রিকেটারদের সামনেও তাই থাকছে ওই ম্যাচ নিয়ে প্রশ্ন। বাদ যাননি বাংলাদেশ দলের তারকা নাসির হোসেনও।
সোমবার রাজধানীর একটি হোটেলে নিজের নামের আদ্যক্ষর ও জার্সি নাম্বারের অনুকরণে পারফিউম এন.এইচ ৬৯-এর মোড়ক উন্মোচন করেন নাসির। সেই অনুষ্ঠানে নাসিরের কাছে জানতে চাওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচ সম্পর্কে তাকে প্রশ্ন ছুড়ে দেয়া হয়, প্রথম ম্যাচে কারা চাপে থাকবে? নাসির জানালেন, প্রথম ম্যাচে বাংলাদেশ নয়, ভারতই চাপে থাকবে।
এর আগে বাংলাদেশ সফরে এসে ৩-১ ব্যবধানে সিরিজ খুইয়ে যায় ভারত। ওই সিরিজ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ধোনি-কোহলিদের। এবার তার বদলা নিতে চাইবে ভারত। সেদিক বিবেচনায় নিলে ভারতের সামনে থাকছে পাহাড়সম চাপ। নাসির বলেন, ‘ক’দিন আগেই ভারতকে আমরা দেশের মাটিতে হারিয়েছি। প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারতই চাপের মুখে থাকবে। এ ছাড়া গোটা টুর্নামেন্টে ভালো ফলাফল করার জন্য যতটুকু প্রস্তুতি দরকার, তা আমরা নিয়েছি।’

