বিনোদন ডেস্ক : দীর্ঘ পঁচিশ বছর ধরে বলিউড মাতাচ্ছেন সুপারস্টার অভিনেতা সালমান খান। এই পঁচিশ বছরের ক্যারিয়ারে অসংখ্য অ্যাওয়ার্ড তিনি জিতে নিয়েছেন। কিন্তু এখন আর এগুলোর প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই তার। বরং সিনেমা নিয়ে বার্ষিক ফিল্ম ফেস্টিভালগুলোতে যেসব প্রতিযোগিতার আয়োজন করা হয় সেগুলোতে তার নাম না রাখতেই রীতিমত অনুরোধ জানালেন তিনি।
সম্প্রতি ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান খান। আর সেখানেই পুরস্কার নিয়ে নিজের অনাগ্রহের কথা জানান সালমান। বলেন, অন্যেরা পুরস্কার জিতে নিলে আমার খুবই আনন্দ লাগে। কিন্তু এই পুরস্কারের গুরত্ব খুব একটা আমার কাছে নেই। আমি কাজ করি আমার ইন্ডাস্ট্রির পুরস্কারের জন্য।
নিজের কোনো ছবি ফেস্টিভালে মনোনিত না করতেও বলেন সালমান। এ সম্পর্কে তিনি বলেন, আমি কোনে সিনেমা নিয়ে প্রতিযোগিতায় মনোনিত হতে চাই না। আমি এই ইন্ডাস্ট্রিতে গত ২৫ বছর ধরে আছি। আমি চাই নতুনদের সুযোগ দিতে। আমি এইসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসবো, উপস্থিত হবো, পারফর্মও করবো কিন্তু আমি ছবি নিয়ে প্রতিযোগিতা করতে চাই না। আমি চাই পুরস্কারগুলো নতুনরা জিতে নিক। এরফলে তারা উৎসাহিত হবে। আর আমাদের তাদেরকে উৎসাহিতই করা উচিত!
প্রসঙ্গক্রমে তার আসন্ন ছবি ‘সুলতান’ নিয়েও কথা বলেন তিনি। সেখানে এই ছবি সম্পর্কে সালমান বলেন, এটা খুবই কঠিন একটা সিনেমা, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
উল্লেখ্য, হরিয়ানা রাজ্যের এক কুস্তিগীরকে নিয়ে ফিকশনাল সিনেমা ‘সুলতান’ নিয়ে আসছে ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত ছবি ‘সুলতান’। একইদিনে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ছবি ‘রইস’। ‘সুলতান’-এ সালমানের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা।

