বিনোদন ডেস্ক : ‘নীরজা’ একজন ইতিহাসের চরিত্র। এই নামের সাথে জড়িয়ে আছে এক সত্যিকারের রোমহর্ষক ইতিহাস। মাত্র তেইশ বছর বয়সেই প্রায় সাড়ে তিনশো মানুষকে বাঁচিয়ে যে মেয়েটি মারা গিয়েছিলো তিনিই ‘নীরজা ব্যানট’। এই নীরজার কাহিনী নিয়েই বলিউডে ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেল ‘নীরজা’। আর ছবিটি মুক্তির তৃতীয় দিনেই বক্স অফিসে আয় করেছে ২২.০১ কোটি রুপি! মাত্র তিন দিনেই ছবির এমন সাফল্যে রীতিমত সুপার হিট হওয়ার স্বপ্নে বিভোর ‘নীরজা’ নির্মাতা!
বেশ ক’দিন ধরেই আলোচনায় ছিল রাম মাধবানির ছবি ‘নীরজা’। প্রচার প্রচারণা আর ছবির বিষয়বস্তুও আকর্ষিত ছিল ভারতীয় দর্শকের কাছে। কারণ ছবিতে পাকিস্তানি আততায়ীদের এক বিমান ছিনতাইয়ের বাস্তব কাহিনী ফুটে উঠেছে। সেই আগ্রহে আরো আকর্ষণ যোগ করেছে সিনেমা মুক্তির আগে আগে পাকিস্তান মন্ত্রণালয় তাদের দেশে ছবিটি নিষিদ্ধ করে দেয়ায়। এইসব বিবেচনায় মোটামুটি জানায় ছিল যে, নীরজা ভালোই প্রভাব দেখাবে বক্স অফিসে।
ছবিটির মূল বাজেট ছিল ১৮ কোটি রুপি। আর প্রডাকশন খরচ মিটিয়ে মোট ব্যয় ২৫ কোটি রুপি। তারমধ্যে মুক্তির তিন দিনেই ২২.০১ কোটি রুপি আয় করায় রীতিমত ব্লকবাস্টার হওয়ার স্বপ্নে বিভোর ‘নীরজা’র নির্মাতা রাম মাধবান। প্রথম দিনে ৪.৭ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটি বক্স অফিসে বেশ সুবিধা অর্জন করতে সমর্থ হয়। দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটি যথাক্রমে আয় করে ৭.৫ কোটি রুপি এবং ৯.৭১ রুপি।
বলিউডের প্রথম সপ্তাহে নারী কেন্দ্রিক সিনেমাগুলোর আয়:
দিপীকা পাডুকোনের পিকু’র আয়: ২৪.৫৩ কোটি রুপি
প্রিয়াঙ্কা চোপড়া’র মেরি কম: ২৭.৬৬ কোটি রুপি
কঙ্গনার ‘কুইন’: ৯.২১ কোটি রুপি
কারিনা কাপুরের ‘হিরোইন’: ২১.২৫ কোটি রুপি
আনুশকা শর্মা’র ‘এনএইচ১০’: ১৩ কোটি রুপি
নীরজা কোনো কাল্পনিক সিনেমার কাহিনী নয়। সত্যি সত্যিই ‘প্যান এএম’ বিমানের বিমানসেবিকা ছিলেন ভারতীয় নীরজা। ১৯৮৬ সালে পাকিস্তানে বিমানটি হাইজ্যাক করা হয়েছিল। সেদিন ৩৫৯ জনের প্রাণ বাঁচিয়েছিলেন নীরজা। আর সেই কাহিনী অবলম্বন করেই নীরজা ব্যানটের উপর নির্মিত ছবি ‘নীরজা’।
বিমান যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য ভারত সরকার নীরজাকে মরনোত্তর ‘অশোক চক্র’ পুরস্কার দেন। ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘নীরজা’ পরিচালনা করেছেন রাম মাধবানি। ছবিতে নীরজার চরিত্রে সোনম কাপুর ছাড়াও আছেন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি।

