স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গী হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। প্রথম কোয়ালিফাইং ম্যাচে পেশোয়ারকে হারিয়ে ফাইনাল আগেই নিশ্চিত ছিল কোয়েটার। রোববার রাতে তৃতীয় কোয়ালিফাইং ম্যাচে সেই পেশোয়ার জালমিকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেছে ইসলামাবাদ। ফাইনাল ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে শারজিল খানের সেঞ্চুরিতে তিন উইকেটে ১৭৬ রান করে ইসলামাবাদ। মাত্র ৬২ বল থেকে ১২টি চার ও ৮টি ছক্কার মারে ১১৭ রানের টর্নেডো ইনিংস খেলেন শারজিল। অন্য ব্যাটসম্যানদের মধ্যে খালিদ লতিফ ২৮ ও ডোয়াইন স্মিথ করেন ১৯ রান।
জবাবে ইমরান খালিদ ও আন্দ্রে রাসেলের বোলিং তোপে পড়ে দুই ওভার বাকি থাকতেই ১২৬ রানে অলআউট হয় পেশোয়ার। দলের ব্যাটসম্যানদের মধ্যে কামরান আকমল ও শহীদ আফ্রিদি ছাড়া দুই অঙ্ক ছূঁতে পারেননি আর কেউ। আকমল ৩২ বল থেকে ৫টি চার ও দুটি ছক্কার মারে করেন ৪৫ রান। আর ১৭ বলে দুই চার ও চার ছক্কায় ৩৮ রান করে আউট হয়ে যান আফ্রিদি।

