বিনোদন প্রতিবেদক : অনেক জনপ্রিয় গানের সুর করেছেন সুরকার রাজেশ ঘোষ। তাঁর সুরে গেয়েছেন গেয়েছেন ওপার বাংলার উদিত নারায়ন, মিতালী মূখার্জি, আসিফ আকবরের মতো খ্যাতিমান শিল্পীরা। এবারই প্রথমবারের মতো তার সুরে গাইলেন কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমীন। সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘ইচ্ছে করে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা।
এ প্রসঙ্গে রাজেশ বলেন, ‘সাবিনা ইয়াসমীন আমার অনেক প্রিয় একজন শিল্পী। তাঁর গাওয়া দেশাত্ববোধক গানগুলো আমানে ভীষণভাবে নাড়া দেয়। এতদিন তাঁর জন্য সুর করতে না পারার একটা আক্ষেপ ছিল মনে। এবার কাজটি করতে পারায় খুব আনন্দ লাগছে!’
দ্বৈত গানটিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাঁর কন্যা বাঁধন। গানটি থাকবে নাম চূড়ান্ত না হওয়া বাঁধনের অ্যালবামে। এতে রাজেশের সুর করা মোট ৬টি গান থাকছে।
রাজেশের সুর করা জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য মিতালী মুখার্জির ‘জীবন নামের রেলগাড়িটা পায়না খুঁজে স্টেশন’, আসিফের ‘একাকী গভীর রাতে’, ‘বিদায় বন্ধু’, ‘ও পাষাণী’, ‘বাঁচবো না’, আকবরের ‘তোমার হাতপাখার বাতাসে’, বিউটির ‘উড়াল পাখি’।

