অর্থনৈতিক প্রতিবেদক : চীনের ঋণ সহযোগিতায় চট্টগ্রামে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে দেশীয় উদ্যোক্তা এস আলম গ্রুপ। ২৪০ কোটি ডলারের এ প্রকল্পটির ৭৫ শতাংশ ঋণ দেবে চীন। যার পরিমাণ ১৭৩ কোটি ৯০ লাখ ডলার। আমদানি করা কয়লায় বিদ্যুৎকেন্দ্রটি চলবে।
গত মঙ্গলবার বিদ্যুৎ ভবনে নির্মাতা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) ও নির্মাণ চুক্তি (আইএ) সই হয় । পিডিবির পক্ষে কোম্পানি সচিব মাজহারুল হক ও এস আলম গ্রুপের পক্ষে চেয়ারম্যান সাইফুল আলম চুক্তিতে সই করেন।
২০১৩ সালের ৩১ অক্টোবর এস আলম গ্রুপ এ প্রকল্পটির জন্য বিদ্যুৎ বিভাগের অনুমোদন পায় । এর ২৭ মাস পর চু্ক্তি হলেও প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র এখনো পাওয়া যায়নি। এজন্য ইওআই রিপোর্ট পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে ।
এস আলম গ্রুপের সঙ্গে এ প্রকল্পে চীনের দুটি কোম্পানিও জড়িত রয়েছে। তারা হলো সেপকো থ্রি ইলেক্ট্রিক পাওয়ার কন্ট্রাকশন কর্পোরেশন ও এইচটিজি ডেভলপমেন্ট গ্রুপ কোম্পানি।
উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত এস এস পাওয়ার লিমিটেড ১ ও ২ নামে দুই কোম্পানি এক হাজার ২২৪ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এখানে ৬১২ মেগাওয়াটের দুটি ইউনিট স্থাপন করা হবে।
প্রতি টন কয়লা প্রাথমিক দর ১২০ ইউএস ডলার ধরে বিদ্যুতের দাম ঠিক করা হয়েছে। প্রতি ইউনিট বিদ্যুতের অনুমিত দর (লেভেলাইড ট্যারিফ) ধরা হয়েছে ৬ টাকা ৬১ পয়সার মতো (৮.২৫৯ সেন্ট)। উৎপাদন শুরু পর প্রকল্প ব্যয় ও জ্বালানি মূল্যের ওপর নির্ভর করে এ দাম বাড়তে পারে।
মোট শেয়ারের ৭০ শতাংশ থাকছে এস আলম গ্রুপের কাছে। সেপকো‘র কাছে থাকছে ২০ শতাংশ এবং এইচটিজি ডেভলপমেন্ট হাতে থাকছে ১০ শতাংশ শেয়ার।
সেপকোই প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। গত বছরের ২৯ জুন সেপকোর সঙ্গে চুক্তি হয়। এছাড়া কেন্দ্রের মূল যন্ত্রাংশ সরবরাহ করবে সেপকো।
২০১৩ সালের ৩১ অক্টোবর এস আলম গ্রুপ এ প্রকল্পটির জন্য বিদ্যুৎ বিভাগের অনুমোদন পায় ।
চুক্তি কার্যকরের দিন থেকে ৪৫ মাসের মধ্যে কেন্দ্রটি থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ পাওয়া যাবে। এস আলম গ্রুপের তথ্য মতে, ১৬ নভেম্বর ২০১৯ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে।
অনুষ্ঠানে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাভু জানান, আগামী মাস (মার্চ) থেকে অবকাঠামো উন্নয়নে কাজ শুরু হবে । আর আগামী চার থেকে ছয় মাসের মধ্যে ঋণ চুক্তি হবে।
প্রকল্পের জন্য চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা পশ্চিম বড়ঘোনায় ইতোমধ্যে ৬০০ একর জমি কেনা হয়েছে বলে জানিয়েছে এস আলম গ্রুপ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউস এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পিডিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, পিডিবির সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের উপদেষ্টা এএসএম আলমগীর কবির প্রমুখ ।
তৌফিক-ই-ইলাহী বলেন, বেসরকারি উদ্যোগে এটা বাংলাদেশের অন্যতম একটি বড় প্রকল্প হতে যাচ্ছে। আামদের বেসরকারি খাত এখন আড়াই বিলিয়ন ডলারের প্রকল্প গ্রহণের সক্ষমতা অর্জন করেছে। অন্যান্য উদ্যোক্তরাও এতে উৎসাহিত হবে।
চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৩ হাজার মেগাওয়াট। এর মধ্যে বৃহত্তর চট্টগ্রামের চাহিদা দেড় হাজার মেগাওয়াট।
উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল ইটিভির মালিকানা পেয়েছে এস আলম গ্রুপ।

