বিনোদন ডেস্ক : ডিজনি ফিল্মের এ বছরের আলোচিত ছবি ‘দ্য জঙ্গল বুক’। এরইমধ্যে ট্রেলার ও পোস্টার দিয়েই বিশ্ব সিনেমা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছবিটি। অথচ হলিউডের ছবি হয়েও আমেরিকানরা ছবিটি আগে দেখার সৌভাগ্য অর্জন করতে পারছে না! কারণ আমেরিকা মুক্তির এক সপ্তাহ আগেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ভারতের সিনেমা হলে!
বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য জঙ্গল বুক’-এর প্রথম টিজার ও প্রথম ট্রেলার মুক্তি পেয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে। আর সদ্য ওয়ার্ল্ড ডিজনির ব্যানারে প্রকাশিত হল ছবিটির আরো একটি নতুন ট্রেলার। আর এবার আরো একটি ঘোষণা চমকে দিল সবাইকে! কি সেই ঘোষণা?
বলছি, দ্য জঙ্গল বুক ছবিতে মুগলির চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছেস তার নাম নীল শেঠি। সে মূলত একজন ভারতীয়। আর তার প্রতিই সম্মান জানিয়ে ডিজনি থেকে ছবিটিকে আমেরিকার সিনেমা হলে আগে মুক্তি না দিয়ে ভারতের সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছেন। আর তাই ৮ এপ্রিল ছবিটি ভারতে আগে মুক্তি পাবে। তার এক সপ্তাহ পর ‘দ্য জঙ্গল বুক’ মুক্তি পাবে আমেরিকার সিনেমা হলে।
চলতি মাসের প্রথম সপ্তাহে ইউটিউবে রিলিজ পাওয়া ট্রেলারে দেখা যায়, জঙ্গলের ভিতরকার দৃশ্য আর হিংস্র প্রাণীদের সাথে মুগলির অসাধারণ মেলবন্ধন। মুগলিকে কখনো দেখা গেছে বাঘের সাথে, কখনো বা বনের রাজা সিংহের সাথে দৌড়াচ্ছেন, আবার কখনো বানরের পিঠে চড়ে গাছে উঠছেন, কখনো মস্ত অজগরের সামনে সরল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে দেখা যায় মুগলিকে। আবার কখনো তাকে দেখা যায় ভল্লুকের পেটে বসে জঙ্গলের মাঝখান দিয়ে চলা সরু এক নদী পাড়ি দিচ্ছেন। মূলত ছোট্ট মুগলির এমনসব অ্যাডভেঞ্চার নিয়েই পুরো ছবি। ছবিটি পরিচালনা করেছেন জন ফেব্রুয়া। অজগর কায়ের চরিত্রে গলা দিয়েছেন স্কারলেট জনসন। এছাড়াও আছেন, বেন কিংস্লে (বাঘিরা), ইদ্রিশ এলবা (শের খান), বিল মুরে (ভালু)। আসছে ১৫ এপ্রিল ছবিটি আমেরিকায় মুক্তি পাবে বলে জানা গেছে।

