স্পোর্টস ডেস্ক : সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনির ভাগ্য নির্ধারিত হবে ফিফার আপিল কমিটির সিদ্ধান্তের পর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক সভাপতি ব্লাটার ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবলে নিষিদ্ধ করা হয়।
চলতি সপ্তাহের শুরুর দিকে তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন। সেই আপিলের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে হবে বলে ফিফার বিভিন্ন সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ব্লাটার জুরিখে ফিফা সদর দপ্তরে গিয়ে নিজেদের যুক্তি তুলে ধরেন। এর আগে প্লাতিনিও একইভাবে গিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। এখন ফিফার আপিল কমিটি এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে।
প্লাতিনিও ফিফা সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এই দুজনের বিরুদ্ধে ২০১১ সালে দুই মিলিয়ন সুইস ফ্রাঙ্ক অর্থ নিয়ম ভেঙে লেনদেনের অভিযোগ আনা হয়েছিল। সে কারণেই তাদের আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করা হয়। গত অক্টোবরে প্রাথমিকভাবে তাদের ৯০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হন তারা। এ কারণেই ২৬ ফেব্রুয়ারি ফিফা সভাপতি পদে প্লাতিনির লড়াইযের পথ রুদ্ধ হয়ে যায়।

