স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ও ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন। সপ্তাহের শুরুতে সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে হাঁটুতে চোট পান তিনি। এই চোট সেরে মাঠে ফিরতে তাকে ক্লাবের অন্তত আটটি ম্যাচ মিস করতে হবে।
শুধু যে অধিনায়ক তাই নয়, ম্যানইউর অন্যতম প্লে-মেকারও রুনি। তাই ইংলিশ প্রিমিয়ার লিগে ধুকতে থাকা ম্যানইউকে সামনের দিনগুলোতে কঠিন সমস্যার মুখোমুখিই হতে হবে। প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ম্যানইউর অবস্থান এখন পাঁচে। তাই রুনির শূন্যতা কাটিয়ে ওঠা যে কঠিন সেকথা স্বীকার করছেন দলটির ডাচ কোচ লুইস ফন গালও। তিনি বলেন, ‘সে অনেক গোল করেছে। তাই আমাদের তাকে খুব প্রয়োজন। আমরা সেটা জানি, তথাপি এখন তার শূন্যতা কাটিয়ে উঠতে হবে।’
বৃহস্পতিবার ইউরোপা লিগে এফসি মিটটিল্যান্ডের বিপক্ষে খেলা রয়েছে ম্যানইউর। তাই এই ম্যাচ থেকেই রুনি অনুপস্থিত থাকছেন মাঠে। অবশ্য ইনজুরি সত্ত্বেও শনিবার ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন রুনি। সেটি নিজ ইচ্ছাতেই করেছেন বলে উল্লেখ করেন ফন গাল। তবে শারিরীক দিক বিবেচনায় সামনে তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।
শুধু ক্লাব নয়, এই সময়কালে ইংল্যান্ডের হয়ে দুটি প্রীতি ম্যাচেও খেলতে পারবেন না তিনি। আগামী মার্চে জার্মানি ও নেদারল্যান্ডসের বিপক্ষে হবে ম্যাচ দুটি। তবে ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে তার খেলা নিয়ে সংশয় নেই। তার আগেই ফিরতে পারবেন মাঠে।

