ঢাকাThursday , 18 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর গোলে রিয়ালের রোম জয়

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ক্লাবগুলো ক্রমশ দুর্বোধ্যই হয়ে উঠছিল রিয়াল মাদ্রিদের সামনে। শেষ আট ম্যাচে এই টুর্নামেন্টের নকআউট পর্বে রিয়াল জিততে পারেনি কোন ইতালিয়ান ক্লাবের বিরুদ্ধে। সময়ের হিসাবে যা প্রায় ১৮ বছর। সর্বশেষ জয় ১৯৯৭-৯৮ মৌসুমে। এবার সেই গেরোটা খুলতে পেরেছে স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম লেগের ম্যাচে বুধবার রাতে এএস রোমাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

আগের দিনই প্রতিপক্ষের মাঠে গোল না পাওয়া নিয়ে প্রশ্ন তুলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেপিয়ে দিয়েছিলেন সাংবাদিকরা। রোমার মাঠে গোল করে তার মোক্ষম জবাবটা হাতেনাতেই দিলেন পর্তুগিজ এই তারকা উইঙ্গার।দলের হয়ে অপর গোলটি করেছেন জেসে রদ্রিগেজ।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক রোমার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। শেষ অবধি দুই গোলের জয় দারুণ স্বস্তিই দিচ্ছে কোচ জিনেদিন জিদানকে। কারণ জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশনটা তিনি শুরু করতে পারলেন রিয়ালের হয়ে। আগামী ৮ মার্চ নকআউট পর্বের ফিরতি লেগের ম্যাচ হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। ঘরের মাঠে রিয়াল ১-০ গোলে হারলেও উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।

প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আ্ক্রমণ হয়েছে। তবে গোলের দেখা পায়নি কোন দলই। এই অর্ধে গোলের বেশকটি সুযোগ নষ্ট করেন রিয়ালের রোনালদো, বেনজেমা ও মার্সেলো। দ্বিতীয়ার্ধে উল্টো গোলই হজম করতে যাচ্ছিল রিয়াল। তবে ৫৫ মিনিটে ত্রাতা হিসাবে আবির্ভাব কেইলর নাভাসের। আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসির বাড়ানো বল ধরে রিয়াল মাদ্রিদ গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন এল শারাউই। কিন্তু রোমার ফরোয়ার্ড শট নেওয়ার আগেই দ্রুত ছুটে এসে বিপদমুক্ত করেন নাভাস।

এর ঠিক দুই মিনিট পরই লিড নেয় রিয়াল মাদ্রিদ। মার্সেলোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পায়ের জাদুতে রোমা অধিনায়ক ফ্লোরেন্তসিকে বোকা বানিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে রোনালদোর এটি ১২তম গোল।

শেষ দিকে বেশ কয়েকটি গোছালো আক্রমণে করে রিয়াল। কিন্তু গোল যেন আর হচ্ছিল না। তবে ৮৬ মিনিটে রিয়ালের জয়ের রাস্তা প্রশস্ত করেন স্পেনিয়ার্ড স্ট্রাইকার জেসে রদ্রিগেজ। ডান দিক থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে রোমার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। শেষ অবধি ২-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে একটি প্রতিশোধও নেওয়া হলো রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দেখায় রোমার কাছে ২০০৭-০৮ মৌসুমে কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই হেরে বিদায় নিয়েছিল রিয়াল।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে নিজেদের মাঠে ভল্ফসবুর্গের কাছে ৩-২ গোলে হেরেছে গেন্ট।