বিনোদন প্রতিবেদক : অবশেষে সেন্সর ছাড়পত্র পেল দুই বাংলার যৌথ চলচ্চিত্র ‘হিরো ৪২০’। ছবিটি আজ বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সপ্তাহ ধরেই আলোচনায় ছিল ছবিটি। ঘুরে ঘুরে একটা প্রশ্নই বাতাসে উড়ছিল, ‘ছবিটি আদৌ মুক্তি পাবে?’ শুরুতেই চিত্রনাট্য পরীক্ষণ কমিটির কাছে হোঁচট খায় ছবিটি। জাজের প্রতি অভিযোগের আঙুল তোলে প্রতিষ্ঠানটি।
ভারতীয় শিল্পীদের আধিক্য, ভারতের তুলনায় বাংলাদেশে কম দৃশ্যধারণ এবং তথ্য মন্ত্রণালয় থেকে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের অনুমতি পাওয়ার ১৪ দিনের মধ্যে সব কাজ শেষ করা- এই তিন অভিযোগেই অভিযুক্ত ছিল। সে কারণে ছবিটি সেন্সর বোর্ডে আবেদনের সুযোগ পায়নি। অনেক জল ঘোলা করার পর গত বুধবার সেন্সর বোর্ডে আবেদন করার অনুমতি দেয়া হয়।
সেন্সর পাওয়ার পর ছবিটি মুক্তিতে আর কোন বাধা রইল না। পূর্ব নিধারিত ১৯ ফেব্রুয়ারিই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের যৌথ প্রযোজনার ‘হিরো ৪২০’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সৈকত নাসির ও ভারতের সুজিত মণ্ডল। ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়া সেন, ওম প্রমুখ।

