বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমা হলে একসঙ্গে মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর অভিনীত ছবি ‘ফিতুর’ এবং মিথুন, অমল মল্লিক এবং রাজু সিং অভিনীত ছবি ‘সনম রে’। ব্যাপক প্রচার প্রচারণার পরও ছবি দুটো রীতিমত ধরাশায়ী একইদিনে ভারতে মুক্তি পাওয়া হলিউডি সিনেমা ডেডপুলের কাছে!
শুক্রবার বলিউডে মুক্তি পেয়েছে নতুন তিনটি ছবি, এরমধ্যে একটি ছবি হলিউডের। ভালোবাসা দিবস উপলক্ষ্যে দর্শকদের কথা মাথায় রেখে এদিন সিনেমায় মুক্তি পায় আদিত্য রায় ও ক্যাটরিনা অভিনীত আলোচিত ছবি ‘ফিতুর’। আর অন্যদিকে আরো একটি প্রেমের ছবি ‘সনম রে’ও মুক্তি পায়। অন্যদিকে টিম মিলারের আলোচিত ছবি ‘ডেডপুল’ও মুক্তি পায় এদিন। ছবিটির প্রচার প্রচারণা ভারতীয় সিনেমাগুলোর মত না হলেও দিন শেষে বক্স অফিসের দিকে তাকিয়ে হতাশ ভারতীয় সিনেমা নির্মাতারা। কারণ এদিন হলিউডের ছবি ‘ডেডপুল’-এর কাছে ধরাশায়ী হয় বলিউডের দুই ছবি।
১২ ফেব্রুয়ারি ভারতীয় সিনেমা হলে একইদিনে মুক্তি পায় হলিউড ছবি ‘ডেডপুল’, ফিতুর এবং সনম রে। প্রথমদিনে ডেডপুল বাকি দুই ভারতীয় ছবিকে বক্স অফিসে পরাজিত করে বাণিজ্য করে অন্তত সোয়া চার কোটি রুপি।
অন্যদিকে প্রত্যাশা অনুযায়ি মুক্তির প্রথম দিনে মোটেও ভালো শুরু করেনি ‘ফিতুর’। কারণ মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে মাত্র ৩.৫৬ কোটি রুপি। ৬০ কোটি রুপি বাজেট দিয়ে নির্মিত বিশাল বিশাল স্টারকাস্ট দিয়েও যদি মাত্র সাড়ে তিন কোটি আয় হয়, তাহলে কি হতাশ না হয়ে আর উপায় আছে!
তারপরও ‘সনম রে’ ছবিটির কথা মেনে নেয়া যায়। কারণ ছবিটি খুব কম বাজেটের। মাত্র চৌদ্দ কোটি রুপি খরচ হয়েছে ছবিটির নির্মাণে, আর প্রিন্ট ও বিজ্ঞাপনে ছবিটিতে ব্যয় করা হয়েছে ৬কোটি রুপি। সাকল্যে ২০ কোটি রুপিতে নির্মিত সনম রে মুক্তির প্রথম দিনে আয় করে ৩.৬ কোটি রুপি। যা ক্যাটরিনা-আদিত্য অভিনীত ৬০ কোটি রুপি বাজেটের সিনেমার তুলনায় হাজার গুন ভালো!
প্রসঙ্গত, প্রথমবারের মত ‘আশিকি২’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কাপুর এবং আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জুটিবদ্ধ হয়েছেন ‘ফিতুর’ ছবিতে।

