জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগের ৫৪ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বাংলা বিভাগের ২৪তম ব্যাচের মাহবুবুল হাসান ফয়সাল ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কবিরুল বাশারের উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।
এ বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা হারে প্রায় সাড়ে ৬ লাখ টাকা দেয়া হবে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে ড. কবিরুল বাশারের সভাপতিত্বে বক্তব্য দেন- উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাসুদুর রহমান, ইংরেজি বিভাগের ২৪তম ব্যাচের ইফতেকার হাসান জায়েদী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২৪তম ব্যাচের আশরাফ দীপু, জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত প্রমুখ।
মাহবুবুল হাসান ফয়সাল বলেন, ‘যাদের আমরা বৃত্তি দিয়েছি তারা যেন সঠিকভাবে তা কাজে লাগাতে ও সমৃদ্ধি অর্জন করতে পারে। তারা যেন অসৎ পথে কোনো উপার্জন না করে। আমরা চাই তারা প্রতিষ্ঠিত হোক।’
বৃত্তিপ্রাপ্ত এক শিক্ষার্থী বলেন, ‘বৃত্তিটি আমার খুবই দরকার ছিল। টাকার পরিমাণ সামান্য হলেও তা খুব উপকারে আসবে। আশা করি, সামনের দিনগুলোতে তারা আমার পাশে থাকবেন। আমি কখনো এ ঋণ শোধ করতে পারবো না।’
উল্লেখ্য ,গত বছরেও ২৮ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়।

