নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্কেলে বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষকরা।
সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান জানিয়েছেন, জাতীয় স্কেলে বেতন না ঘোষণা করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকরা জানান, ১৯৮৪ সালে মাদরাসা শিক্ষাবোর্ডে রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রায় ১৯ হাজার মাদরাসা ছিল কিন্তু তা হ্রাস হ্রাস পেতে দুই তৃতীয়াংশ মাদরাসা এখন বিলুপ্তির পথে। ২০১১ সালের মাদরাসা শিক্ষাবোর্ডের হিসাব অনুযায়ী প্রায় ৬ হাজার ৮৪৮ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদারসা আছে যার শিক্ষক সংখ্যা অন্তত ৩৫ হাজারের মতো।
তারা বলেন, ১৯৯৪ সালের এক পরিপত্রে বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা ৫০০ টাকা ভাতা পেতেন। পরবর্তিতে ধাপে ধাপে বেসরকারি প্রাইমারি শিক্ষকদের বেতন-ভাতা উন্নীত করা হয় এবং ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩ সরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়। কিন্তু ৬ হাজার ৮৪৮ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার মধ্যে ১ হাজার ৫১৯ মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতা ২০১৩ সালে ৫০০ টাকা থেকে ১ হাজার টাকায় উন্নীত করা হয়। বাকী ৫ হাজার ৩২৯ ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা এখনও বিনা বেতনে মানবেতর জীবনযাপন করে শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনে সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম হিরন, শাহজাহান আলী, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন প্রমুখ।

